দেশের ওটিটি প্লাটফর্মকে মেটাভার্স চ্যালেঞ্জ দিলেন পলক
শুরু হলো আইসিটি-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড’ সম্মাননা’র তৃতীয় আসর
তৃতীয় বারের মতো শুরু হলো ‘আইসিটি-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড’ সম্মাননার আবেদন গ্রহণ। সম্মাননায় পৃষ্ঠপোষকতা করছে আইসটি বিভাগের এটুআই, স্টার্টআপ বাংলাদেশ, আইডিয়া ও এজ প্রকল্প। এবার আগামী জুনের শেষ দিন পর্যন্ত ২১ ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন পুরস্কার প্রত্যাশীরা।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই হাউজে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন চ্যানেল আই পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। তিনি জানালেন, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে আইসিটি-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড এর গালা ইভেন্ট।
সংবাদ সম্মেলনে দ্বিতীয় বারেও এই আয়োজনের পৃষ্ঠপোষক হিসেবে চ্যানেল আই-কে মেটাভার্সে পরিণত করতে নতুন একটি চ্যালেঞ্জ দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ জন্য আইসিটি বিভাগের পক্ষ থেকে সহায়তার আগাম আশ্বাস দেন তিনি।
পলক বলেন, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ও অ্যাপল প্লাস বিনোদনের ধারণাকে পুরোটাই বদলে দিয়েছে। তাই আমরা চাই বাংলাদেশও এক্ষেত্রে পিছিয়ে থাকবে না। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ‘আই স্ক্রিন’ এর মতো ওটিটি প্লাটফর্মগুলো বিশ্ব জয় করবে।
প্রযুক্তি প্রতিমন্ত্রী আরো বলেন, এখন মুভিতে প্রযুক্তি ব্যবহার বেশি হয়। সেই জায়গাটায় আমরা যেতে চাই। এরইমধ্যে আইসিটি বিভাগ থেকে আমরা অ্যানেমেশন মুভি করেছি। মাত্র ৪৮ মিনিটে বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরা হয়েছে। এখন আমরা স্মার্টআপ বাংলাদেশ থেকে নিজেরাও একটা ওটিটি প্লাটফর্ম তৈরি করছি।
তরুণদের সৃশনশীল মেধার বিকাশ ঘটাতেই এই আয়োজন উল্লেখ করে জুনাইদ আহমেদ পলক বলেন, স্মার্ট বাংলাদেশে আমাদের সরকার হবে পেপারলেস, ইনভিজিবল ও অ্যাকাউন্টেবল। আর ২০৪১ সালের মধ্যে আন্তর্ভূক্তিমূলক স্মার্ট সমাজ গড়ে তুলতে হলে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব; সাংস্কৃতিক বিপ্লবকে সফল করতে হবে। সেক্ষেত্রে এই অ্যাওয়ার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্বাগত বক্তব্যে বিচারক প্যানেল প্রধান ও নাট্যজন আতাউর রহমান বলেন, ডিজিটাল বাংলাদেশ যথার্থই ডিজিটাল হয়েছে। আমরা উন্নত দেশ থেকে একটুও পিছিয়ে নেই। করোনায় এর প্রমাণ আমরা পেয়েছি। বিশ্বের তুলনায় আমরা কম ক্ষতিগ্রস্ত হয়েছি। এটা আমাদের আত্মশ্লাঘার বিষয়। আইসিটি এখানে বিরাট ভূমিকা পালন করেছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগামীতে এই সম্মাননায় টেকনিক্যাল ও অ্যানিমেশন বিভাগেও পুরস্কৃত করা হবে বলে জানান আয়োজক সংস্থার প্রধান শাইখ সিরাজ।







